গাইবান্ধার সাদুল্লাপুরে দোকানের পণ্য বাকি না দেয়ায় দোকান মালিককে গুলি করেছে এক মাদকাসক্ত। এসময় দোকান মালিক ওয়াসিম মিয়া (১৮) ও তার ভাবী সেলিনা বেগম (২৬) গুলিবিদ্ধ হন। স্থানীয়রা গুলিবিদ্ধদের আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বুধবার ১৩ আগস্ট বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার খোদ্দকোমরপুর নাপিতের হাটে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদুল্লাপুর উপজেলার ঈদুলপুর গ্রামের তয়েজ মিয়ার ছেলে মাদকসেবী গোলাপ মিয়া (৩৫) বাড়ির পাশের দোকানে গিয়ে বাকিতে পণ্য চান। দোকান মালিক তা দিতে অপারগতা জানান। এ নিয়ে দুইজনের মধ্যে বাক-বিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে গোলাপ মিয়া বাড়িতে গিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে দোকানিকে গুলি করে।
এ সময় দোকান মালিক ওয়াসিম মিয়াসহ সেলিনা বেগম নামে এক নারী গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করান।
সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার জানান, এ ঘটনা শোনার পরপরই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরাধীকে ধরতে অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে তাকে যেন গ্রেপ্তার করা যায় এ বিষয়ে মাঠ পর্যায়ে পুলিশ কাজ করছে।
পতাকানিউজ/এমওয়াই

