রাজধানীর উত্তর বাড্ডায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার, ১৪ ডিসেম্বর রাত ৮টার দিকে আছিম পরিবহনের একটি মিরপুরগামী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর বাড্ডার এএমজেড হাসপাতালের কাছে বাসটি চলাচলরত অবস্থায় হঠাৎ আগুন ধরে যায়। এতে বাসটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম বলেন, কারা বা কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
এর আগে গত শুক্রবার, ১২ ডিসেম্বর রাত পৌনে আটটার দিকে বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
পতাকানিউজ/এআই

