বান্দরবানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বান্দরবান জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ করেছে।
সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে বান্দরবানের প্রেস ক্লাবের সামনে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভকারীরা।
এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ করে নতুন ঘোষিত এই কমিটি বাতিল করার জন্য শ্লোগান দিতে থাকে।
পদবঞ্চিত নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, বান্দরবানে স্বেচ্ছাসেবক দলের নেতা ও দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় না থাকা ফরহাদ হোসেন জিকুকে আহ্বায়ক করা হয়েছে। ত্যাগী নেতাদের উপেক্ষা করে অযোগ্য ও সুবিধাভোগীদের প্রাধান্য দেওয়া হয়েছে নতুন আহ্বায়ক কমিটিতে। এ সময় আন্দোলনকারী নেতাকর্মীরা নতুন কমিটিকে অন্যায় ও বৈষম্যমূলক দাবি করে দ্রুত কমিটি বাতিলের জোর দাবি জানান।
পদবঞ্চিত নেতাকর্মীরা বলেন, নতুন ঘোষিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক বিবাহিত ও ২ সন্তানের জনক। এমন ব্যক্তি দিয়ে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করায় মান সম্মান ক্ষুণ হয়েছে সকলের।
প্রসঙ্গত, গত শনিবার (২ মে) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এর সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বান্দরবান জেলা ছাত্রদলের ১০সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়।
কমিটিতে আহ্বায়ক হিসেবে ফরহাদ হোসেন জিকু ও সদস্য সচিব হিসেবে শহিদুল ইসলামকে দায়িত্ব দিয়ে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করে।
এদিকে এই কমিটি প্রকাশের পর পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করে বান্দরবানে।
-পতাকানিউজ/আরআর

