বান্দরবানে আলীকদমে হামের লক্ষণ নিয়ে আরও ২১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। ভর্তিকৃত শিশুরা আলীকদম উপজেলার করুকপাতা ইউনিয়নের বাসিন্দা। শনিবার, ২ মে সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো: হাসান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জনসহ মোট ২১ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তবে আলীকদমে হামের পরিস্থিতি অনেকটা কমে আসছে। ইতিধ্যে করুকপাতা এলাকায় স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম কাজ করছে এবং দুর্গম এলাকা বিবেচনা করে সেখানে ৫ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে হামের টিকা দেয়া হচ্ছে বলে জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম করুকপাতা ও পোয়ামুহুরী এলাকায় হঠাৎ হামের প্রাদুর্ভাব দেখা দেয়। পরবর্তীতে জ্বর, সর্দি, কাশি, লালচে দাগ, শরীর ব্যথাসহ নানা উপসর্গ নিয়ে একের পর এক আক্রান্ত হতে থাকে দুর্গম এলাকায় বসবাসকারী শিশুরা। উপজেলা সদর থেকে এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ার কারণে বাসিন্দারা হাসপাতালে এসে চিকিৎসা নিতে পারছে না। ফলে অনেকে আক্রান্ত হওয়ার পরও বাড়িতে অবস্থান করছে। যার ফলে আক্রান্ত শিশুর শরীর থেকে সহজেই বাকি শিশুদের ছড়িয়ে পড়ছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলীকদম স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্ত এলাকায় মেডিকেল টিম কাজ করছে।
প্রসঙ্গত, এ পর্যন্ত আলীকদম করুক পাতা এলাকায় হামের লক্ষণ নিয়ে ৪ চার শিশু মৃত্যুবরণ করেছে। এছাড়াও ৯৯ জন শিশু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
পতাকানিউজ/আরআর/আরবি

