বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সীমান্ত থেকে বিভিন্ন সময়ে উদ্ধার করা ৭ লাখ ৪৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধ্বংস করা এসব ইয়াবার বাজারমূল্য ২২ কোটি ২৯ লাখ ১৭ হাজার টাকা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নাইক্ষ্যংছড়িতে বিজিবির ১১ ব্যাটালিয়ন সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ সময় বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেনসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্তের তুমব্রু, ঘুমধুম, লেম্বুছড়ি, সোনাইছড়ি, ফাত্রাঝিরি ও বাইশফাঁড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করেন বিজিবির সদস্যরা।
এ ছাড়া গত এক বছরে বিজিবির ১১ ব্যাটালিয়ন সীমান্ত এলাকা থেকে ৭৩ কোটি ১১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এসব ঘটনায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪৪ জনকে আটক করা হয়েছে।

বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্তে মাদকবিরোধী নির্দেশনা বাস্তবায়নে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করছে।
তিনি আরও জানান, সীমান্ত দিয়ে মাদক চোরাচালান বন্ধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।
পতাকানিউজ/এমজেসি

