বান্দরবান জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং দিনব্যাপী ভোট শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। মোট ১২৬ জন ভোটারের মধ্যে ১২২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা উল্লেখযোগ্য উপস্থিতি হিসেবে বিবেচিত হয়েছে। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট উম্যাচিং মার্মা।
ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আবুল কালাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট ইলিয়াছুর রহমান পেয়েছেন ৬০ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট মো. আবু জাফর। একই পদে প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোর্শেদ আলম পেয়েছেন ৫০ ভোট।
অন্যান্য পদে সহসাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দীন কাদের চৌধুরী প্রিন্স, অর্থ সম্পাদক হয়েছেন মুজাহিদুল ইসলাম এবং পাঠাগার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শাহনেওয়াজ চৌধুরী।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট বাসিং থোয়াই মার্মা, আইটি সম্পাদক হিসেবে আনোয়ার হোসেন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে জিয়াউল হক। সদস্য পদে নির্বাচিত হয়েছেন রাজীব চন্দ্র, উসাই মার্মা ও আবদুল্লাহ আল মামুন মুন্না।
নির্বাচন কমিশনার অ্যাডভোকেট উম্যাচিং মার্মা জানান, সম্পূর্ণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তিনি নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় আইনজীবী সমিতির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। নবনির্বাচিত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, এর আগে জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম এবং সাধারণ সম্পাদক ছিলেন অ্যাডভোকেট আবু তালেব।
-পতাকানিউজ/আরআর

