ফেনীতে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের হেলপার ও এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক ব্যক্তি আহত হয়েছেন।
বুধবার, ২৪ জুন সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্টার লাইন পাম্প সংলগ্ন খোরশেদ আলম সওদাগর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চট্টগ্রামের ভুজপুরের সিকদার খিল গ্রামের ট্রাকচালক মোহাম্মদ সিদ্দিকুর রহমানের ছেলে আহসানুল ইসলাম (১৫)। তিনি ট্রাকের হেলপার ছিলেন ও ফেনী সদর উপজেলার মধ্যম কাচাঁড় এলাকার ছন্দু মিয়ার ছেলে মীর হোসেন (৪৫)। এ ঘটনায় ফেনী সদর উপজেলার মধুয়াই এলাকার ভ্যানচালক মো. মোস্তফার ছেলে মো. সুমন (৪৫) আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে ট্রাকটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে মহাসড়কের স্টারলাইন পাম্প সংলগ্ন খোরশেদ আলম সওদাগর বাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় ট্রাকটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। একইসঙ্গে ট্রাকটি একটি ভ্যানগাড়ি ও এক পথচারীকে চাপা দেয়। এতে ট্রাকটির বাম পাশের অংশ দুমড়েমুচড়ে যায়।
পরে স্থানীয়রা ট্রাকের আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহসানুল ইসলাম ও মীর হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত সুমন হাসপাতালে চিকিৎসাধীন।
মহিপাল হাইওয়ে থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি হেফাজতে নেয়া হয়েছে।
ওসি জানান, নিহত হেলপারের বাবা ট্রাকের চালক ছিলেন। ঘটনার পর তাকে আর পাওয়া যায়নি। এ ঘটনায় তিনিও আহত হয়েছেন বলে জানতে পেরেছি।
পতাকানিউজ/এএএম/আরবি

