পাকিস্তানি সংগীত তারকা আতিফ আসলামের বাবা মুহাম্মদ আসলাম মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (১২ আগস্ট) ৭৭ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে বাবার মৃত্যুর খবরটি জানিয়েছেন আতিফ আসলাম।
মুহাম্মদ আসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শিল্পী, শোবিজ জগতের তারকা এবং আতিফ আসলামের লাখ লাখ ভক্ত শোক প্রকাশ করেছেন। এই কঠিন সময়ে ভক্ত এবং সহকর্মীরা তার প্রতি সহানুভূতি ও সমর্থন জানাচ্ছেন।
আতিফ আসলামের বাবার জানাজার নামাজ লাহোরের ভ্যালেন্সিয়া টাউনে অনুষ্ঠিত হবে। সেখানে পরিবার, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা শেষ শ্রদ্ধা জানাতে একত্রিত হবেন।
মূলত পাকিস্তানি গায়ক হলেও বলিউড ছবিতে গান করার সুবাদে ভারত উপমহাদেশজুড়েই জনপ্রিয়তা অর্জন করেছেন আতিফ আসলাম। ১৯৮৩ সালে জন্মগ্রহণ করা এই শিল্পী ২০০০ সালের শুরুর দিকে তার প্রথম অ্যালবাম ‘জল পরী’ দিয়ে সংগীত জীবন শুরু করেন।
উর্দু ভাষার পাশাপাশি আরও বেশ কয়েকটি ভাষায় গান করেছেন এ শিল্পী। তমঘা-ই-ইমতিয়াজ ও লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসের মতো সম্মানজনক পুরস্কার জিতেছেন তিনি। তিনি ‘বোল’ নামের একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।
এছাড়া ফোর্বস এশিয়ার ১০০ প্রভাবশালী তারকার তালিকায় স্থান পেয়েছেন এই কণ্ঠশিল্পী।
তথ্যসূত্র: পাকিস্তান অবজারভার
পতাকানিউজ/ওয়াইএস

