বগুড়া শহরের টিএমএসএস এলাকায় একটি বালুভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে ৮০ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার, ২৮ এপ্রিল মধ্যরাতে বগুড়া-রংপুর মহাসড়কের অস্থায়ী চেকপোস্টে তাকে আটক করা হয়।
আটক মো. রবিউল ইসলাম (২৫) দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামের মামুন আকন্দের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদে মঙ্গলবার রাত পৌনে ১২টায় সদর উপজেলার টিএমএসএস ছমিল ও উডেন ফার্নিচার সেকশনের সামনে বিশেষ অভিযান চালানো হয়। এসময় রংপুর থেকে বগুড়াগামী একটি বালুভর্তি ট্রাক থামিয়ে তল্লাশি করে পুলিশ। এসময় ট্রাকের ভেতরে বালুর নিচে বিশেষভাবে লুকানো তিনটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে মোট ৮০ কেজি গাঁজা পাওয়া যায়। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৯২৭৬) জব্দ করা হয়েছে।
এ বিষয়ে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার বলেন, ‘জব্দ করা গাঁজার পরিমাণ প্রায় ৮০ কেজি। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। মাদকের উৎস ও এর সঙ্গে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
পতাকানিউজ/পিএম/আরবি

