বগুড়া শহরের এরুলিয়ায় দিন মজুরদের একটি হাটে যাত্রীবাহী বাসচাপায় ৭ শ্রমিক নিহতের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
শুক্রবার, ৭ আগস্ট ভোর সাড়ে ৫টায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
এদিকে জেলা প্রশাসন নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার এবং আহতদের পরিবারকে ১৫ হাজার টাকা করে জরুরি আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার ফাপোঁড় মধ্যপাড়া গ্রামের বেল্লাল হোসেন (৪০), কাহালু উপজেলার নারহট্ট সরদার পাড়া গ্রামের নুর মোহাম্মদ সরদার (৭৫), জয়পুরহাট জেলার কালাই উপজেলার পাবর্তীপুর গ্রামের আনারুল ইসলাম (৫৫), পাঁচবিবি উপজেলার আমিরপুর গ্রামের আমিরুল (৪০), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বইল গ্রামের আবু সাইদ (৪৫), একই উপজেলার নুর আলম (৪৫) এবং দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মো. তাজিমুল (৪৭)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত আজ ভোরে এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশে কাজের সন্ধানে জড়ো হয়েছিলেন শ্রমিকেরা। এসময় যাত্রীবাহী একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন প্রাণ হারান। পরে হাসপাতালে নেয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জনের মৃত্যু হয়। এ নিয়ে দুর্ঘটনায় মোট ৭ শ্রমিকের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মাসুদ হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- জেলা পুলিশের একজন প্রতিনিধি এবং সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, স্থানীয় বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে দুর্ঘটনাস্থলে ইতিমধ্যে স্পিড ব্রেকার (গতিরোধক) নির্মাণের কাজ শুরু হয়েছে। নিহতদের প্রত্যেক পরিবারের জন্য ২৫ হাজার টাকা এবং আহতদের প্রত্যেক পরিবারের জন্য ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা আজই পৌঁছে দেয়া হবে।
দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে।
পতাকানিউজ/পিএম/আরবি

