রাজশাহীতে বাসায় ঢুকে তাওসিফ রহমান সুমন (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে বিচারকের স্ত্রী তাসমিন নাহারও গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর বিকেলে নগরীর ডাবতলার নিজ বাসায় এ ঘটনা ঘটে। তাওসিফ রহমান সুমন রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন।
মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, ঘটনার সঙ্গে জড়িত ঘাতক আহত হওয়ায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র শংকরকে বিশ্বাস বলেন, একজন নিহত হয়েছেন। নিহত যুবকের মা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ঘাতক আটক আছে। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
পতাকনিউজ/কেএস

