কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। একইসঙ্গে আহত হয়েছেন ইজিবাইকের ৩ যাত্রী।
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল সকাল ১১টায় উখিয়ার বালুখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
নিহত যুবক রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছেন শাহপুরী হাইওয়ের পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম।
তিনি বলেন, কক্সবাজার থেকে টেকনাফগামি পালকি মিনিবাস এবং বালুখালী বাজার থেকে উখিয়াগামি ইজিবাইক (টমটম) বালুখালী ব্রিজ এলাকায় পৌঁছালে এ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলই ২৫ বছর বয়সী রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়। আর আহতদের স্থানীয়রা উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর বাসের চালক ও হেলপার পলাতক। বাস ও ইজিবাইক দুটি জব্দ করে শাহপুরী হাইওয়ে পুলিশের কার্যালয়ে নেয়া হয়েছে।
পতাকানিউজ/এনএ/আরবি

