ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিলের দাবিতে এবার আপিল বিভাগে আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ তুলে এর আগে করা রিট হাইকোর্ট খারিজ করে দিলে ওই আদেশের বিরুদ্ধে তিনি আপিল করেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামীকাল (রোববার) চেম্বার বিচারপতির আদালতে আবেদনের ওপর শুনানি হতে পারে।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সরাসরি নাহিদ ইসলামের রিট খারিজ করে দেন। ওই রিটে দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছিল।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা। অন্যদিকে কাইয়ুমের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও ব্যারিস্টার কাজী আক্তার হোসেন।
গত ২ ফেব্রুয়ারি নাহিদ ইসলাম হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চাওয়া হয় এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
উল্লেখ্য, এর আগে ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম ও বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুম—উভয়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।
–পতাকানিউজ

