বগুড়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভাকে ঘিরে প্রায় ৫০টির বেশি মোবাইল ফোন চুরি হয়েছে। এ ঘটনায় শুক্রবার, ৩০ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত ৫০ জন সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ভুক্তভোগীরা জানায়, শুক্রবার সন্ধ্যার আগেই শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ মানুষে পরিপূর্ণ হয়ে ওঠে। মাঠে ঢুকতে না পেরে হাজারো মানুষ শহরের সাতমাথা ছাড়াও বিভিন্ন সড়কে অবস্থান নেন। এ বিপুল জনসমাগমের ভিড়ে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। চুরি হয় প্রায় অর্ধ শতাধিক মোবাইল ফোন।
এদিকে চুরি হওয়াদের মধ্যে বগুড়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম তালুসহ নারী, বয়স্ক ব্যক্তি ও দূর-দূরান্ত থেকে আসা সাধারণ কর্মী-সমর্থকরাও রয়েছেন।
এ বিষয়ে বগুড়া সদর থানার ডিউটি অফিসার এসআই জেবুন্নেছা বেগম জানান, রাত ৯টা পর্যন্ত ৫০টির বেশি জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে মোবাইল ফোন হারানোর ঘটনায়। আরও অনেকেই আসছেন ফোন হারানোর মৌখিক অভিযোগ নিয়ে।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে মোবাইল ফোন চুরির অভিযোগে ভুক্তভোগীরা সাতমাথা এলাকা থেকে দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন।
জিডি করতে আসা ব্যবসায়ী রাজেদুর রহমান রাজু বলেন, ‘বৃহস্পতিবার রাত ১০ টায় শহরের স্টেশন রোডে বিআরটিসি মার্কেটের সামনে হাজারো মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ছিলাম তারেক রহমানকে দেখার জন্য। মানুষের ঠেলাঠেলির মধ্যে পকেটে থাকা দেড় লাখ টাকা মুল্যের শখের ফোন চুরি হয়ে যায়।
বগুড়া সদর থানার ওসি মুনিরুল ইসলাম বলেন, ‘ফোন হারানোর সংখ্যা আরও বেশি হতে পারে। যারা অভিযোগ করেছেন আমরা সেই ফোনগুলো উদ্ধার করার চেষ্টা করছি।’
পতাকানিউজ/পিএম/আরবি

