জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে উদ্ভূত নতুন রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে জরুরি বৈঠকে বসছে বিএনপি। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এই বৈঠক আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বৈঠকের সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যথারীতি যুক্তরাজ্য থেকে অনলাইনে বৈঠকে অংশ নেবেন।
যদিও বৈঠকের নির্দিষ্ট আলোচ্যসূচি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, দলীয় সূত্রের মতে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আজকের জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একযোগে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণা—এ বিষয়েই মূলত আলোচনা হতে পারে।
বিএনপি বরাবরই একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের দাবি জানিয়ে আসছিল। প্রধান উপদেষ্টার ঘোষণার পর দলটির শীর্ষ পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত নিতে এই বৈঠক ডাকা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দলের অভ্যন্তরীণ কৌশল, নির্বাচনী প্রস্তুতি ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্র জানিয়েছে।
পতাকানিউজ/এনটি

