ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু জীবনের নিরাপত্তা চেয়ে দাগনভূঞা থানায় সাধারণ ডায়েরি করেছেন। ৭ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় মিন্টুর পক্ষে জিডিটি করেন নির্বাচনে ধানের শীষের পক্ষে এজেন্ট মোহাম্মদ শামছুদ্দিন।
এতে উল্লেখ করা হয়- গেল ৪ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজারে জামায়াতের নির্বাচনী সভায় দলটির নেতা মেজবাহ উদ্দিন সাঈদ, মিন্টুকে উদ্দেশ্য করে বলেছেন আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা. শফিকুর রহমান ক্ষমতায় গেলে আপনি কোথায় পালিয়ে যাবেন বলে উদ্ধৃত করে বক্তব্য রেখেছেন! তিনি দম্ভ করে বলেন শেখ হাসিনা ভাত রেখে পালিয়ে গেলো! আপনাকে কি রেখে পালাতে হবে তা আমি বলতে চাই না।
জিডিতে দাবি করা হয়- বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে প্রতিনিয়ত হুমকি-ধমকি দিয়ে আসছে মেসবাহসহ জামায়াত নেতারা। এতে করে সম্মানহানী ও নিজের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন মিন্টু।
আবদুল আউয়াল মিন্টু জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ফেনী-৩ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী। তার বাড়ি দাগনভূঞা উপজেলার আলাইয়ারপুর গ্রামে। তিনি আলহাজ্ব শফি উল্লাহ ও বদরের নেছার বড় ছেলে।
এদিকে নামের আগে ডা. পদবী ব্যবহার করায় ফেনী-৩ আসনে ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিনকে শোকজ করেছেন এ আসনের অনুসন্ধানকারী ও বিচারিক কর্মকর্তা সাজ্জাতুন নেছা। শনিবার বিকেলে তাকে লিখিত আকারে এ শোকজ করা হয়।
এতে উল্লেখ করা হয়, নির্বাচনী আইন সহায়তা ও নির্বাচন পর্যবেক্ষক লিগ্যাল কমিটি অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টার, লিফলেট, ব্যানার ও ফেস্টুনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন নামের পূর্বে ডাক্তার পদবী ব্যবহার করছেন। কিন্তু তার নির্বাচনী হলফনামায় ডাক্তার পদবী উল্লেখ করেননি। যা সুস্পষ্টভাবে নির্বাচনী আচারনবিধি লঙ্ঘন। এছাড়াও এমবিবিএস, বিডিএস ডিগ্রিধারী না হয়েও ডাক্তার পদবী ব্যবহার করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৭ (৩) (খ) মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ।
রবিবার, সকাল সাড়ে ১১টায় কমিটির অস্থায়ী কার্যালয় তথা বিচারক (যুগ্ম জেলা জজ), ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জবাব দিতে নির্দেশ প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, মোহাম্মদ ফখরুদ্দিন হোমিও প্যাথিক চিকিৎসক।
পতাকানিউজ/এএএম/আরবি

