চাঁদপুর-২ (মতলব) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও তার পরিবারের চার সদস্য এবং বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ ফারুকসহ ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সোমবার, ২২ ডিসেম্বর ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সোমবার এই নিষেধাজ্ঞা দেন। এটি দুদকের পৃথক পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে করা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিষেধাজ্ঞা প্রাপ্তদের মধ্যে রয়েছেন– ড. জালাল উদ্দিনের স্ত্রী শাহানাজ পারভিন, দুই ছেলে সাঈদ মোহাম্মদ রিজভী ও সাঈদ মোহাম্মদ আলভী এবং মেয়ে আয়েশা তাসিনীমা তানভী। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে।
সাবেক এমপি জাহিদ ফারুক, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত পালক পুত্র মো. আসাদুজ্জামান, তার স্ত্রী ইসরাত জাহান, ভাই আখতারুজ্জামান এবং জাতীয় রাজস্ব বোর্ডের কয়েকজন কর্মকর্তার দেশত্যাগেও একই কারণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা ক্ষমতার দাপট দেখিয়ে চোরা চালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকি ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন ও বিদেশে পাচার করেছেন। দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা থাকায় আদালত নিষেধাজ্ঞা দেয়।
পতাকানিউজ/এআই

