ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনের ফিশপ্লেট তুলে ফেলায় ঢাকাগামী আন্তঃনগর অগ্নবীনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেল পথে ট্রেন চলাচল বন্ধ হয়েছে। সোমবার, ২৯ ডিসেম্বর ভোর সাড়ে চারটার দিকে গফরগাঁও রেল স্টেশনের দুই কিলোমিটার উত্তরে সালটিয়া মাঠখোলা নামক স্থানে এই ঘটনা ঘটে।
রবিবারও একই স্থানে রেললাইনের ফিশপ্লেট তুলে ফেলার ঘটনা ঘটেছিল। সোমবার রাতের অন্ধকারে একই স্থানে ২১ ফুট রেললাইন তুলে ফেলে। এতে আন্তঃনগর অগ্নবীনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। কুয়াশার জন্য ট্রেনের গতি কম থাকায় শুধু ট্রেন লাইনচ্যুত হয়েছে। ট্রেনের গতি বেশি থাকলে বহু প্রাণহানিও ঘটতে পারতো।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, গফরগাঁওয়ে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে আন্দোলন চলছে। বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা রেল অবরোধ, অগ্নিসংযোগ, বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছে। এঘটনা তারই জের হতে পারে অনেকের ধারণা।
জানা যায়, সোমবার ভোরে গফরগাঁও স্টেশনের প্রায় দুই কিলোমিটার উত্তরে সালটিয়া মাঠখোলা নামক স্থানে অজ্ঞাত বিক্ষুব্ধরা রেললাইনের ২১ ফুট রেললাইন তুলে ফেলে। এ সময় তারাকান্দা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর অগ্নবীনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সামনের ট ও ঠ বগি লাইনচ্যুত হয়।
এতে ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ময়মনসিংহ থেকে বিকল্প রিলিফ ইঞ্জিন এনে অন্য বগিগুলো আউলিয়ানগর স্টেশনে নিয়ে যায়।
গফরগাঁও রেলওয়ের উপসহকারি প্রকৌশলী(পথ) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাইনচ্যুত ইঞ্জিন ও বগি দুটি তোলার জন্য ঢাকা ও ময়মনসিংহ থেকে দুটি রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিন ও বগি তোলার পর ঢাকা-ময়মনসিংহ রেল পথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
পতাকানিউজ/এনকেএস/কেএস

