বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপি সহ-সভাপতি ইকবাল হোসেনকে (৬২) ছুরিকাঘাতের ঘটনায় মামলা করা হয়েছে। রবিবার, ৩ মে রাতে সান্তাহার রেলওয়ে থানায় ভুক্তভোগীর ভাই আজিজুল হক রাজা বাদী হয়ে রাজু, শুভ, নীরবসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে মামলাটি করেন।
সান্তাহার রেলওয়ে থানার মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে উপজেলার সান্তাহার রেলগেট চত্বরে রেলওয়ের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেনের সঙ্গে একই শহরের হলুদঘর ও ইয়ার্ড কলোনি এলাকার রাজু, শুভ, নীরবসহ বেশ কয়েকজন যুবকের বাকবিতণ্ডা ও বিরোধ হয়। একপর্যায়ে তাকে পেটে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনায় রবিববার রাতে সান্তাহার রেলওয়ে থানায় ভুক্তভোগীর ছোট ভাই হত্যাচেষ্টা মামলা করেন।
সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান হাবিব বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার পর গ্রেপ্তারের আতঙ্কে আসামিরা আত্মগোপনে রয়েছে।
পতাকানিউজ/এমকেআই/আরবি

