জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সীমিত ঐকমত্য হয়েছে, তার বাইরে যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি যেসব বিষয়ে ঐকমত্য না থাকলেও তা মেনে নিয়েছে, অন্য দলগুলোকেও সেই বাস্তবতা স্বীকার করতে হবে।
বৃহস্পতিবার, ৯ অক্টোবর সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আমীর খসরু।
তিনি বলেন, দেশের জনগণ ম্যান্ডেটবিহীন রাজনৈতিক দলগুলোকে সব সমস্যার সমাধানের দায়িত্ব দেয়নি। যে বিষয়ে ঐকমত্য হয়েছে, সেটুকু নিয়েই এখন কাজ করতে হবে। বিএনপি অনেক বিষয়ে ছাড় দিয়েছে, কিন্তু অন্যরা তা মানতে চাইছে না— এটা দায়িত্বশীল আচরণ নয়।
নির্বাচন প্রসঙ্গে আমীর খসরু বলেন, বিএনপি এখনো প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত নেয়নি। আমরা চিন্তাভাবনা করেই সময়মতো প্রার্থী ঘোষণা করব। বিএনপি বড় দল— একাধিক প্রার্থীর আগ্রহ থাকা স্বাভাবিক, তবে দল যাকে মনোনয়ন দেবে, সবাই তাকে সমর্থন জানাবে, বলেন তিনি।
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে আমীর খসরু জানান, দক্ষতা উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রযুক্তি বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, বিনিয়োগকারীরা এখন রাজনৈতিক স্থিতিশীলতার অপেক্ষায় আছেন। নির্বাচনের পরই বড় বিনিয়োগ আসবে বলে আমরা আশা করছি।
গণতন্ত্র মঞ্চ ও অন্যান্য জোটভিত্তিক দলীয় কার্যক্রম নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই বলেও জানান তিনি। যে কেউ স্বাধীনভাবে রাজনীতি করতে পারে, ৩০০ আসনে প্রার্থী দিতে পারে— এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ, বলেন আমীর খসরু।
খালেদা জিয়ার হঠাৎ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়া রাজনীতি থেকে সরে যাননি। এটা তার ব্যক্তিগত ও রাজনৈতিক দায়িত্বেরই অংশ। বিষয়টি নিয়ে অযথা রাজনৈতিক ব্যাখ্যা দেওয়ার কিছু নেই।
পতাকানিউজ/এআই

