বিক্ষোভ চলাকালে টায়ারে আগুন জ্বালাতে গিয়ে নিজের গায়ে আগুন লেগে দগ্ধ হয়েছেন সাবেক ছাত্রদল নেতা শহিদুল ইসলাম।
সোমবার, ১০ নভেম্বর বিকেলে রাজশাহী শহরের চৌদ্দপাই এলাকায় এ ঘটনা ঘটে।
শহিদুল ইসলাম রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। ঘটনার সময় তিনি বিএনপির সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে নাসির হোসেনের সমর্থকদের সঙ্গে বিক্ষোভে অংশ নিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মনোনয়ন বঞ্চিত নেতার সমর্থকরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছিলেন। এ সময় শহিদুলের শরীরে আগুন ধরে গেলে তিনি দৌড়াতে থাকেন। পরে সহকর্মীরা জামা খুলে আগুন নেভান এবং তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে বিক্ষোভে নামে নাসির হোসেনের সমর্থকরা। এই আসনে মনোনয়ন পেয়েছেন দলটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন।
বিষয়টি নিশ্চিত করে নাসির হোসেন বলেন, দল আমাকে মনোনয়ন না দেওয়ায় আমার সমর্থকরা বিক্ষোভে অংশ নেন। এ সময় টায়ারে আগুন দিতে গিয়ে শহিদুলের গায়ে আগুন ধরে যায়। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পতাকানিউজ/এআই

