‘কোনো কোনো বিচারক বেলা ১১টায় আদালতে এসে দেড়টা-দুটোর মধ্যে কাজ শেষ করে চলে যান’ —এমনটি আর চলবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলনকক্ষে ই-পারিবারিক আপিল আদালত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বেলা সাড়ে ১১টার দিকে ই-পারিবারিক আপিল আদালতের উদ্বোধন ঘোষণা করেন আইনমন্ত্রী। পরে বক্তব্যে বিচারকদের উদ্দেশে তিনি বলেন, ‘কোনো কোনো জায়গায় এমন অভিযোগ আছে, কেউ কেউ দুই-তিন ঘণ্টা কোর্ট করেন। বেলা ১১টায় আসেন, দেড়টা-দুটোর মধ্যে কাজ শেষ করে চলে যান। এটা চলবে না।’
আয়েশি জীবনযাপনে অভ্যস্ত বিচারকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘যদি আয়েশি কোনো জুডিশিয়াল অফিসার থাকেন, তাদের আয়েশি ব্যবস্থা আমরা করতে পারব। এমন ব্যবস্থা করা হবে, যেখানে আয়েশ করে চাকরি করতে পারবেন।’
তরুণ বিচারকদের প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, অনেক তরুণ বিচারক রয়েছেন, যারা বেশ স্মার্ট। বিচারকদের ন্যায়বিচারের জায়গাটিকে সত্যিকার অর্থে মানুষের আস্থা ও ভরসার স্থানে পরিণত করতে হবে। মনমানসিকতার দিক থেকেও তরুণ বিচারকদের যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।
তিনি বলেন, বর্তমান সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল খাত। এআইয়ের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে ডিজিটাল খাতে আরও দক্ষ হতে হবে। তরুণ বিচারকেরা এই চ্যালেঞ্জ গ্রহণ করে এআইকে এগিয়ে নিয়ে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
দেশে ৪৬ লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বিপুলসংখ্যক মামলা নিষ্পত্তি করতে গিয়ে বিচারকদের ওপর অমানবিক চাপ পড়ে। এই চাপ কমাতে সরকার কাজ করছে।

তিনি বলেন, ই-বেইল বন্ড চালু করা হয়েছে। পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্য গ্রহণ ও হাজিরা দেওয়ার ব্যবস্থাও চালু হয়েছে। জনগণ এসব উদ্যোগের সুফল পাচ্ছে। বিচারপ্রক্রিয়াকে আরও আধুনিক করতে নতুন পদ্ধতি উদ্ভাবনের বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে।
অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, ঢাকার জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবীর, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়াসহ ঢাকায় কর্মরত বিচারকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশে প্রথমবারের মতো ই-পারিবারিক আপিল আদালতের কার্যক্রম শুরু হলো। এর আগে, গত বছরের শেষ দিকে ঢাকা ও চট্টগ্রামে দুটি ই-পারিবারিক আদালতের কার্যক্রম শুরু হয়।
বিচারপ্রক্রিয়াকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত করা এবং কাগজের নথিপত্রের ব্যবহার কমানোর লক্ষ্যে ডিজিটাল এ আদালত চালু করা হয়েছে। এ প্ল্যাটফর্মে পাঁচ ধরনের পারিবারিক মামলা পরিচালনা করা যাবে— বিবাহবিচ্ছেদ, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, দেনমোহর, ভরণপোষণ এবং সন্তান বা শিশুর অভিভাবকত্বসংক্রান্ত মামলা।
পতাকানিউজ/এএ

