অবশেষে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ স্কোয়াডে জায়গা পেলেন শামীম হোসেন। প্রথম দুই ম্যাচের ১৫ জনের স্কোয়াডে যুক্ত করা হয়েছে বাঁহাতি এই ব্যাটসম্যানকে।
সিরিজ শুরুর আগে যাকে নিয়ে শামীম হোসেনকে দলে না রাখা নিয়ে ক্ষোভ ঝারেন অধিনায়ক লিটন দাশ। সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেন, তাকে জানানো হয়নি, শামীমকে যে দল থেকে বাদ দেয়া হবে। বলা হয়েছে, যে দল দেয়া হয়েছে সেটি নিয়েই খেলতে হবে। এরকম নানা অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন তিনি নির্বাচকদের নিয়ে ও আঙুল তোলেন বোর্ডের দিকেও।
সেদিনই ভিডিও বার্তায় নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। এসব নিয়ে সিরিজ শুরুর আগেই বিতর্কের ঝড়ে টালমাটাল হয়ে ওঠে ক্রিকেট। সিরিজের প্রথম ম্যাচটি বাংলাদেশ হেরেও যায়। দ্বিতীয় ম্যাচে শনিবার চার উইকেটে জিতে সিরিজ জিইয়ে রাখতে পেরেছেন লিটনরা।
রবিবার দুপুরে ঘোষণা করা হয় শেষ ম্যাচের স্কোয়াড। সে স্কোয়াডে দেখা যায় শামীম হোসেনের নাম। আগামীকাল সোমবার সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।
সিরিজ শুরুর আগে প্রধান নির্বাচক বলেছিলেন, প্রথম দুই ম্যাচে সিরিজ জিতে গেলে শেষ ম্যাচে দেখা যেতে পারে শামীমকে। সিরিজে এখন সমতা। তার পরও শামীমকে যোগ করার কারণ জিজ্ঞেস করা হলে প্রধান নির্বাচক বললেন ‘নো কমেন্ট।’
সাম্প্রতিক বিতর্কের কারণেই হয়তো তার এই সাবধানতা। পরে তিনি ছোট্ট করে যোগ করলেন, ‘দলের চাওয়া ছিল, আমরা সেটিই অনুসরণ করেছি। এর চেয়ে বিস্তারিত আর কিছু বলতে চাই না। আশা করি, সে খেলবে, আপনারা দেখতে পারবেন।’
এই সিরিজেই প্রথমবার টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কনকে খেলানো হয়নি প্রথম দুই ম্যাচে। তিনি টিকে গেছেন স্কোয়াডে। তবে বাস্তবতা বলছে, শেষ ম্যাচেও তার খেলার সম্ভাবনা সামান্য।
মাহিদুলকে নেয়ার পর প্রধান নির্বাচক বলেছিলেন, চার-পাঁচ নম্বরের বিকল্প ভাবনায় তাকে রাখছেন তারা এবং বিশ্বকাপের আগে এখনই তাকে পরখ করার সুযোগ। কিন্তু সেটি হয়নি প্রথম দুই ম্যাচে।
প্রধান নির্বাচক এখানেও খুব বেশি গভীরে যেতে চাইলেন না। গাজী আশরাফ হোসেন বলেন, ‘একাদশ নির্বাচনে তো আমাদের ভূমিকা থাকে না। এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। আমরা আমাদের ভাবনা থেকে ওকে নিয়েছিলাম। এখন সামনে বিপিএল আছে, সেখানে তার পারফরম্যান্স দেখা যেতে পারে।’
পতাকানিউজ/কেএস

