বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ যেন উৎসবের আবহ। আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির হয়তো এটিই শেষ বিশ্বকাপ বাছাই ম্যাচ ঘরের মাঠে। তাই সমর্থকদের আগ্রহও ছিল তুঙ্গে। সেই প্রত্যাশার মঞ্চেই জোড়া গোল করে রাতটিকে স্মরণীয় করে রাখলেন মেসি। লাউতারো মার্টিনেজের আরেকটি গোলে ভেনেজুয়েলাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
শুরুর বাঁশি বাজতেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখাতে থাকে স্কালোনির শিষ্যরা। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে ভেনেজুয়েলার রক্ষণভাগকে। ম্যাচের ৩৮ মিনিটে হুলিয়ান আলভারেজের নিখুঁত অ্যাসিস্টে চিপ শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আর্জেন্টিনা। ৬০ মিনিটে মেসির শট ঠেকাতে পারলেও বেশিক্ষণ টিকতে পারেনি অতিথিরা। বদলি নেমেই নিকো গঞ্জালেসের ক্রসে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্টিনেজ।
এর চার মিনিট পর আবার আলোচনায় আসেন মেসি। থিয়েগো আলমাদার পাস পেয়ে ঠাণ্ডা মাথায় ফিনিশিং করে ক্যারিয়ারের ১১৪তম আন্তর্জাতিক গোল তুলে নেন তিনি। শেষ মুহূর্তে হ্যাটট্রিকের সুযোগ পেলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।
পুরো ম্যাচজুড়ে আর্জেন্টিনার আধিপত্য ছিল স্পষ্ট। ৭৭ শতাংশ বল দখল আর ১৭ শটের ৯টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ভেনেজুয়েলা পোস্টমুখে একটিও শট নিতে পারেনি।
শেষ বাঁশি বাজার পর দর্শকসারির উল্লাসে হাত নাড়িয়ে সাড়া দেন মেসি। সম্ভবত বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে এটিই ছিল তাঁর বিদায়ী রাত। তাই সমর্থকদের চোখে মুখে একসঙ্গে আনন্দ আর আবেগের ছোঁয়া।
পতাকানিউজ/এআই

