বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ রবিবার (২৬ জুলাই) বঙ্গভবন ছাড়তে পারেন । বঙ্গভবন থেকে বিদায় নিয়ে তিনি সপরিবারে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন।
এদিকে বঙ্গভবন ত্যাগের প্রস্তুতি হিসেবে গত কয়েক দিন ধরেই তার ব্যক্তিগত মালামাল গুলশানের বাড়িতে স্থানাস্তর করা হয়েছে এবং বাসভবনের প্রয়োজনীয় সংস্কারকাজও শেষ করা হয়েছে।
শুক্রবার, ২৪ জুলাই বিকেল ৪টায় ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগ জমা দেন।
পদত্যাগপত্রে তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতাসহ ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ নামক জটিল রোগের কথা উল্লেখ করেন।
সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, পদত্যাগ, মৃত্যু বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।
প্রসঙ্গত, ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন ৭৬ বছর বয়সী মোহাম্মদ সাহাবুদ্দিন। ওই হিসাবে তার মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগে বঙ্গভবন ছাড়ছেন তিনি।
পতাকানিউজ/আরবি

