চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের বৈধতা নিয়ে করা রিট আবেদনের শুনানি শেষে রায়ের দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। আগামী ৪ ডিসেম্বর এই রায় ঘোষণা করা হবে।
আজ মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে এনসিটি পরিচালনার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও একটি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে হওয়া চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন রিট আবেদন করেন। গত ৩০ জুলাই করা এই রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন। পরে গত ১৯ নভেম্বর থেকে রুলের ওপর শুনানি শুরু হয়। ২০ নভেম্বর শুনানি শেষে চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া আপাতত স্থগিত রাখতে সরকারকে মৌখিক নির্দেশ দেন হাইকোর্ট।
রিটের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, আহসানুল করিম, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
২০০৭ সালে নির্মিত নিউমুরিং কনটেইনার টার্মিনালে ধাপে ধাপে ২ হাজার ৭১২ কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কনটেইনার পরিবহনের বড় অংশই এই টার্মিনালের ওপর নির্ভরশীল।
পতাকানিউজ/এআই

