অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন দেশের সঙ্গে করা চুক্তিগুলো নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
সরকারের পক্ষ থেকে বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চুক্তি করা হয়েছে—এমন দাবি করা হলেও বাস্তবে জামায়াতের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে উল্লেখ করেন তিনি।
শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদন করা হয়। তবে দুঃখজনকভাবে এসব চুক্তি নিয়ে সরকারের পক্ষ থেকে জামায়াতের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি।
তিনি আরও বলেন, সংসদ না থাকায় অন্তর্বর্তী সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়েও একইভাবে দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এ বিষয়ে দলটির পক্ষ থেকে একাধিকবার দাবি জানানো হলেও তৎকালীন সরকার তা আমলে নেয়নি।
জামায়াত আমির বলেন, এ কারণে বিষয়টি নিয়ে তাদের অবস্থান স্পষ্ট এবং এখানে কোনো ধরনের ধোঁয়াশা তৈরির সুযোগ নেই।
এর আগে সম্প্রতি নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) নির্বাচনের আগেই দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। তাদের সম্মতিও ছিল। ফলে এ চুক্তি অন্ধকারে করা হয়নি।
-পতাকানিউজ

