বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশন, হাইকমিশন ও দূতাবাসগুলোতে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের নির্দেশনা দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) ডাকযোগে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। নোটিশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে রাষ্ট্রপতির ছবি প্রদর্শন না করার নির্দেশ দিয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর দেশব্যাপী উদ্বেগের সৃষ্টি হয়, কারণ দীর্ঘদিন ধরে রাষ্ট্রপতির ছবি প্রদর্শন রাষ্ট্রীয় প্রোটোকলের একটি অপরিহার্য অংশ হিসেবে বিবেচিত হয়ে আসছে।
আইনজীবী মাহমুদুল হাসান নোটিশে উল্লেখ করেন, সংবিধানের ৪৮(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান এবং তাঁর পদ মর্যাদা সর্বোচ্চ। তাই রাষ্ট্রপতির ছবি অপসারণের এই সিদ্ধান্ত সংবিধান ও রাষ্ট্রীয় প্রোটোকলবিরোধী এবং এটি রাষ্ট্রপ্রধানের মর্যাদার প্রতি অসম্মানজনক।
তিনি নোটিশে দাবি করেন, বিদেশে অবস্থিত সব বাংলাদেশ মিশনে অবিলম্বে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন করতে হবে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা—যিনি প্রধানমন্ত্রীর মর্যাদাসম্পন্ন—তাঁর ছবিও রাষ্ট্রপতির ছবির পাশে প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।
নোটিশে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ১০ দিনের মধ্যে যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে সতর্ক করা হয়েছে।
পতাকানিউজ/এনটি

