বিদেশে পালিয়ে থাকা শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী গোলাম সারোয়ার খানকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার, ৮ আগস্ট সকাল ১১টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডমেস্টিক ফ্লাইটের বহির্গমন এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদে ডিবির একটি আভিযানিক দল বিমানবন্দরের বহির্গমন এলাকায় অভিযান চালায়। এসময় বিদেশ যাওয়ার প্রস্তুতিকালে গোলাম সারোয়ার খানকে আটক করা হয়।
জালিয়াতির মাধ্যমে তৈরি করা কাগজপত্র ব্যবহার করে গোলাম সারোয়ার নিজেকে মিয়ানমারের নাগরিক হিসেবে পরিচয় দিতেন। ওই পরিচয় ব্যবহার করে তিনি ডেনমার্কের ট্রাভেল ডকুমেন্টও সংগ্রহ করেছিলেন।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, গোলাম সারোয়ার খান বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী। বড় সাজ্জাদের অধীনে তিনি ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে তথ্য রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বড় সাজ্জাদ বর্তমানে বিদেশে অবস্থান করছেন। সেখান থেকে তিনি হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অনলাইন যোগাযোগমাধ্যমে দেশে থাকা সহযোগীদের অপরাধমূলক কর্মকাণ্ডে নির্দেশনা দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পতাকানিউজ/আরবি

