পাঁচ ব্যাংকের একীভূতকরণ (মার্জার) নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পুঁজিবাজারে বিনিয়োগকারীরা। তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের পদত্যাগ দাবি করে সময়সীমা বেঁধে দিয়েছেন।
বিনিয়োগকারীদের সংগঠন ‘বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ’-এর ব্যানারে বৃহস্পতিবার, ৬ নভেম্বর বিকেলে মতিঝিলের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরোনো ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
সংগঠনের সভাপতি মিজানুর রশীদ চৌধুরী বলেন, এই মার্জার আমরা মানি না। বিনিয়োগকারীরা কোনো অন্যায় করেননি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন নিয়ে ব্যাংকগুলো তালিকাভুক্ত হয়েছে, আর বিনিয়োগকারীরা সেখানে অর্থ লগ্নি করেছেন। এখন হঠাৎ করে এই মার্জারের সিদ্ধান্তে তাদের পুঁজি ঝুঁকির মুখে পড়ছে।
তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের কথা না ভেবে গভর্নর ব্যাংকগুলোকে একীভূত করছেন। বিনিয়োগকারীরা বিনিয়োগ করে সব হারাবে, এটা মেনে নেওয়া যায় না। আমরা গভর্নরের পদত্যাগ চাই। এই প্রহসনের মার্জার বন্ধ করতে হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী শনিবার, ৮ নভেম্বর পর্যন্ত গভর্নর পদে বহাল থাকলে বিনিয়োগকারীরা মঙ্গলবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি পালন করবেন।
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করার প্রক্রিয়া শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তে পুঁজিবাজারে তালিকাভুক্ত কয়েকটি ব্যাংকের শেয়ারদর বড় ধরনের ওঠানামা করছে। এতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন সাধারণ বিনিয়োগকারীরা।
পতাকানিউজ/এআই

