হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভস্মীভূত ভবন থেকে অনৈতিকভাবে বাটন ফোন লুকিয়ে নেয়ার চেষ্টাকালে হাতেনাতে ধরা পড়া আনসার সদস্য জেনারুল ইসলামকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার, ৭ নভেম্বর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ নভেম্বর রাতে জেনারুল ইসলাম নাইট শিফটে দায়িত্ব পালনকালে ভস্মীভূত দ্রব্যের ভেতর থেকে কিছু বাটন ফোন লুকিয়ে বের করার চেষ্টা করেন। এ সময় তাকে ঘটনাস্থলেই আটক করা হয়।
ঘটনার গুরুত্ব বিবেচনায় বাহিনীর মহাপরিচালকের নির্দেশে শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
আনসার বাহিনী জানিয়েছে, দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সদস্যদের অনৈতিক প্রবণতা কমলেও তা পুরোপুরি রোধে আরও মনস্তাত্ত্বিক উদ্যোগ নেয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের নৈতিকতা ও প্রেষণা বাড়াতে বেতন পুনর্বিন্যাসের প্রস্তাব ইতোমধ্যে পে-কমিশনে পাঠানো হয়েছে।
পতাকানিউজ/এআই

