বাংলাদেশ বিমান বাহিনীর উদ্যোগে ২০২৫ সালের ‘সাইবার সিকিউরিটি সচেতনতা মাস’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকালে ঢাকা ক্যান্টনমেন্টে বিমান বাহিনী সদর দপ্তরের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘সাইবার সচেতনতা প্রত্যেকের দায়িত্ব: প্রতিটি ক্লিকই গুরুত্বপূর্ণ’।
অনুষ্ঠানে বক্তৃতাকালে বিমান বাহিনী প্রধান বলেন, আধুনিক যুদ্ধকৌশলের ধারায় এখন আকাশসীমা ও সাইবারস্পেসকে আলাদা করে দেখার সুযোগ নেই। যেভাবে দেশের আকাশ, স্থল ও সমুদ্রসীমা সুরক্ষিত রাখা হয়, ঠিক তেমনি ডিজিটাল নেটওয়ার্কের অদৃশ্য সীমানাও সুরক্ষিত রাখতে হবে। তিনি সতর্ক করে বলেন, ‘সাইবার হুমকি যেকোনো সময় এবং যেকোনো স্থান থেকেই আসতে পারে।’
তিনি আরও বলেন, ‘সাইবার জগতে নিরাপদ থাকতে হলে সচেতনতা, সতর্কতা ও শৃঙ্খলাই হলো মূল চাবিকাঠি।’
এ সময় বিমান বাহিনী প্রধান সাইবার হুমকি মোকাবিলায় বিমান বাহিনীর সাইবার ওয়ারফেয়ার ও ইনফরমেশন টেকনোলজি পরিদপ্তর কর্তৃক গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন।
ডিজিটাল ডিভাইস ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সাইবার নিরাপত্তা একটি সম্মিলিত প্রচেষ্টা, যা নিরবচ্ছিন্ন সতর্কতা ও প্রত্যেকের দায়িত্ববোধের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব।’
তিনি আশাবাদ ব্যক্ত করেন, সকলের সম্মিলিত উদ্যোগে বাংলাদেশ বিমান বাহিনীকে শুধু আকাশে নয়, ডিজিটাল অঙ্গনেও অপ্রতিরোধ্য শক্তি হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে ঢাকাস্থ ঘাঁটি ও ইউনিটের কর্মকর্তা, বিমানসেনা, এমওডিসি এবং বেসামরিক সদস্যরা উপস্থিত ছিলেন। ঢাকার বাইরে অবস্থিত ঘাঁটিগুলোর প্রতিনিধিরা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।
জানানো হয়, মাসব্যাপী এই কর্মসূচির আওতায় বিমান বাহিনীর সদস্য, তাঁদের পরিবারের সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালিত হবে।
পতাকানিউজ/এনটি

