মাত্র এক সপ্তাহ আগে বিয়ে হয়েছিল ধুমধাম করে। নতুন সংসারের স্বপ্নে বিভোর ছিল পুরো পরিবার। এর মধ্যে যেন আকাশ ভেঙে পড়ল মাথায়। কয়েকদিন ডেঙ্গুতে ভুগে হঠাৎ চলে গেলেন তরতাজা যুবক ইফফাত নূর তানভীর। মাত্র ২৮ বছর বয়সী এই যুবকের মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবার, স্বজন ও প্রতিবেশীরা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-২ এর ১৪ নম্বর বেডে বুধবার, ১৭ সেপ্টেম্বর সকালে নেয়া হয়েছিল তানভীরকে। সেখানে বুধবার বিকেলেই মারা যান তিনি। তানভীরের শোকে তার মা নাসিমা বেগম স্ট্রোক করেছেন। তাকে বুধবার রাতেই চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইফফাত নূর তানভীর (২৮) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমতল এলাকার বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে। চট্টগ্রাম শহরের ৩৮ নম্বর ওয়ার্ডের সীম্যান্স হোস্টেল তেল্লাপুকুর পাড় এলাকায় থাকত তানভীরের পরিবার। নগদ এর বিক্রয় প্রতিনিধি ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারুন অর রশিদ জানান, তানভীর ডেঙ্গু আক্রান্ত ছিলেন। পাশাপাশি তাঁর কমপ্লিট হার্ট ব্লক ছিল। এছাড়া শরীরের ওজন ছিল অস্বাভাবিক বেশি। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তানভীরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, স্বজন, প্রতিবেশী ও বন্ধুদের কাছে তানভীর ছিলেন অত্যন্ত প্রিয়জন। মাত্র এক সপ্তাহ আগে বড় আয়োজন করে তার বিয়ে হয়। সেই বিয়েতে আত্মীয়-বন্ধু সবাই অংশ নিয়েছিল। আর এক সপ্তাহের ব্যবধানে তানভীর বিদায় নিল পৃথিবী থেকে।
তানভীরের প্রতিবেশী ইরফান চৌধুরী বলেন, গত ১১ সেপ্টেম্বর তানভীরের বিয়ে হয়। জ্বর বেড়ে গেলে শনিবার সকালে আমি নিজেই তাকে মেডিকেল নিয়ে যাই। অবস্থার অবনতি হলে বুধবার সকালে তানভীরকে আইসিইউতে নেয়া হয়। বিকেলেই তানভীর মারা যায়। তানভীরের মা ছেলের মৃত্যু কোনভাবে মেনে নিতে পারছেন না। তিনি স্ট্রোক করেছেন। উনাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে তানভীরের দাফন সম্পন্ন হয়েছে।
পতাকানিউজ/এসজিএন

