রাশিয়া-ইউক্রেনের সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তা বাড়তে থাকার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। এর জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎই ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার, ২৫ নভেম্বর ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮১ সেন্ট বা প্রায় ১ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৩৭ ডলারে। তবে বিপরীত ধারায় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮ সেন্ট কমে ৬০ দশমিক ০১ ডলারে নেমে এসেছে।
বিশ্লেষকদের মতে, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার তেল সরবরাহ কীভাবে প্রভাবিত হবে বিনিয়োগকারীরা এখন সেটিই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। রুশ প্রধান দুটি জ্বালানি কোম্পানির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে মার্কিন প্রতিষ্ঠানগুলোর জন্য নির্ধারিত সময়সীমা ২১ নভেম্বরই শেষ হয়েছে, যা বাজারে অতিরিক্ত চাপ তৈরি করেছে।
নিষেধাজ্ঞার প্রভাবে চীন ও ভারতের রুশ তেল আমদানি কমে যাওয়ায় এশিয়ার জলসীমায় জাহাজে মজুত তেলের পরিমাণও প্রায় দ্বিগুণ হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে তেলের মজুত বেড়েছে এবং ভারতীয় রিফাইনারিগুলো রাশিয়ার বদলে মধ্যপ্রাচ্য ও মার্কিন তেলের দিকে ঝুঁকছে।
এদিকে বিশ্বব্যাপী তেল উৎপাদনকারী দেশগুলো সংগঠন ওপিইসি ও ওপেক প্লাস ডিসেম্বর থেকে দৈনিক আরও ১ লাখ ৩৭ হাজার ব্যারেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবুও বিশেষজ্ঞদের মতে, সরবরাহ তুলনামূলক স্থিতিশীল থাকলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইরানের ভূ-রাজনৈতিক কর্মকাণ্ড ও চলমান নিষেধাজ্ঞা ভবিষ্যৎ তেলবাজারে নতুন অস্থিরতা সৃষ্টি করতে পারে।
পতাকানিউজ/এনএফএম

