বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অচলাবস্থা থাকায় ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার।
মঙ্গলবার, ২৮ এপ্রিল গ্রিনিচ মান সময় ১২টা ৫১ মিনিটে—অর্থাৎ বাংলাদেশ সময় ৬টা ৫১ মিনিটে জুন মাসে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৪৫ সেন্ট (০.৪ শতাংশ) বেড়ে প্রতি ব্যারেল ১০৮ দশমিক ৬৮ ডলারে পৌঁছেছে।
এর আগে এর দাম ২ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছিল, যা টানা সপ্তম দিনের মতো ঊর্ধ্বগতির রেকর্ড।
অপরদিকে, জুন ডেলিভারির জন্য মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৫৮ সেন্ট (০.৬ শতাংশ) বেড়ে প্রতি ব্যারেল ৯৬ দশমিক ৯৬ ডলারে দাঁড়িয়েছে। এর আগের ট্রেডিং সেশনে এটি ২ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।
মাঝে দাম কিছুটা কমার আভাস পাওয়া গেলেও মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অনিশ্চয়তা বাজারকে আবারও অস্থির করে তুলেছে।
বিশ্বের মোট জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের ৫ ভাগের ১ ভাগ পরিবাহিত হয় পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে। মেরিটাইম ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম ‘উইন্ডওয়ার্ড’-এর তথ্য অনুযায়ী, বর্তমানে এই পথটি কার্যত অচল।
যুদ্ধ শুরুর আগে এ পথে দৈনিক গড়ে ১২৯টি জাহাজ চলাচল করত।
এদিকে সংকট নিরসনে কূটনৈতিক তৎপরতা চললে তা আলোর মুখ দেখছে না।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের এ অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে বিশ্ববাজারে তেলের দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
পতাকানিউজ/আরবি

