ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা এবং সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কায় বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম । কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
শুক্রবার, ২ অক্টোবর ব্রেন্ট ক্রুডের দাম ২৯ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে।
অপরদিকে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ২৭ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ১৪ ডলারে উঠেছে।
এর আগে গত বৃহস্পতিবার তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। ওই সময় খবর আসে, ইরান নিয়ে নতুন করে হামলার বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ কারণে মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরী এবং আরও ১০ হাজার পর্যন্ত সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

এদিকে অক্টোবরে চীনের অধিকাংশ জ্বালানি রফতানি বন্ধের সিদ্ধান্তও বাজারে উদ্বেগ বাড়িয়েছে। তবে সৌদি আরবের তেল রফতানি পুনরুদ্ধার এবং ইউরোপীয় দেশগুলোকে জরুরি ডিজেল মজুত ছাড়ার জন্য যুক্তরাষ্ট্রের উদ্যোগে সেই চাপ কিছুটা কমেছে।
বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে তেলের দামের ওপর ইরান ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনা, মধ্যপ্রাচ্যের সরবরাহ পরিস্থিতি এবং জ্বালানি মজুত—এ তিনটি বিষয় এখন সবচেয়ে বড় প্রভাব ফেলছে।
পতাকানিউজ/আরবি

