বিশ্ববাজারে বেড়েই চলেছে তেলের দাম। ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের চলমান অবরোধের মেয়াদ বাড়ার খবরের পর তেলের দাম বেড়েছে। বুধবার, ২৯ এপ্রিল বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, জুন মাসে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুড তেলের দাম ৫২ সেন্ট বা শূন্য দশমিক ৪৭ শতাংশ বেড়ে ১১১ দশমিক ৭৮ ডলারে দাঁড়িয়েছে, যা টানা অষ্টম দিনের মতো বৃদ্ধি পেয়েছে।
এছাড়া মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচার্স ৫৭ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ বেড়ে ব্যারেল-প্রতি ১০০ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে। গত আট দিনের মধ্যে সাত দিনই তেলের দাম বেড়েছে।
মঙ্গলবার, ২৮ এপ্রিল গ্রিনিচ মান সময় ১২টা ৫১ মিনিটে—অর্থাৎ বাংলাদেশ সময় ৬টা ৫১ মিনিটে জুন মাসে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৪৫ সেন্ট (০.৪ শতাংশ) বেড়ে প্রতি ব্যারেল ১০৮ দশমিক ৬৮ ডলারে পৌঁছেছে। এর আগে এর দাম ২ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।
জুন ডেলিভারির জন্য মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৫৮ সেন্ট (০.৬ শতাংশ) বেড়ে প্রতি ব্যারেল ৯৬ দশমিক ৯৬ ডলারে দাঁড়িয়েছে। এর আগের ট্রেডিং সেশনে এটি ২ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।
মাঝে দাম কিছুটা কমার আভাস পাওয়া গেলেও মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অনিশ্চয়তা বাজারকে আবারও অস্থির করে তুলেছে।
বিশ্বের মোট জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের ৫ ভাগের ১ ভাগ পরিবাহিত হয় পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে। মেরিটাইম ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম ‘উইন্ডওয়ার্ড’-এর তথ্য অনুযায়ী, বর্তমানে এই পথটি কার্যত অচল।
সূত্র : রয়টার্স
পতাকানিউজ/আরবি

