৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রাজধানীর শাহবাগ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার বিকেলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের সরিয়ে দিতে চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।
শাহবাগ মোড় বর্তমানে যান চলাচলের জন্য বন্ধ রয়েছে।
দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। শাহবাগে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দেয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া শুরু হয়। আন্দোলনকারীদের দাবি, সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
এদিকে আন্দোলনকারীদের ছোড়া ইট-পাটকেলে শাহবাগ থানার ওসি খালেদ মনসুর আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। তাঁর ভাষায়, ‘আন্দোলনকারীরা ইট-পাটকেল ছুড়েছে, আমি আঘাত পেয়েছি। তারা এখনো চারুকলার সামনে অবস্থান করছে।’
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পরীক্ষার্থীরা কয়েক দিন ধরে স্মারকলিপি, মিছিল, অবরোধ ও অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। আজ রাজশাহী, খুলনা ও ময়মনসিংহে রেলপথ অবরোধ করা হয়। ঢাকা–আরিচা মহাসড়কও পরীক্ষার্থীরা কিছু সময়ের জন্য বন্ধ রাখেন।
তাদের অভিযোগ, আগের বিসিএসগুলোতে লিখিত পরীক্ষার আগে ৬ মাস থেকে এক বছরের প্রস্তুতির সময় দেওয়া হলেও এবারে সময় কম রাখা হয়েছে। তারা পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ ও পর্যাপ্ত প্রস্তুতির সময় চান।
পিএসসি জানিয়েছে, আসন্ন ২৭ নভেম্বর থেকেই দেশের আট বিভাগীয় শহরে একযোগে লিখিত পরীক্ষা শুরু হবে। আসনবিন্যাস প্রকাশসহ সব প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে বলেও জানায় সংস্থাটি।
পতাকানিউজ/এআই

