২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দিয়ে কিন্ডারগার্টেন ও সমমানের স্কুলের শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রজ্ঞাপন জারি হয়েছে। এ সিদ্ধান্তকে বৈষম্যমূলক উল্লেখ করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন নোয়াখালী জেলা শাখা।
মঙ্গলবার ১২ আগস্ট বেলা সাড়ে ১১টায় জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এসোসিয়েশনের উপদেষ্টা আবুল কাসেম, কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক ও জেলা কমিটির সভাপতি মো. রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও দেশের ভবিষ্যৎ সম্পদ। তাই সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বাদ দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া একটি বড় ধরনের ষড়যন্ত্র ও নিষ্পাপ কোমলমতি শিশুদের সঙ্গে বৈষম্য।’
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উপদেষ্টা আবুল কাসেম বলেন, ‘দেশে ৫০ হাজারের বেশি কিন্ডারগার্টেনে প্রায় ১ কোটির বেশি শিক্ষার্থী পাঠদান করছে। প্রাথমিক শিক্ষার প্রসার লাভে এসব বেসরকারি প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করে চলছে। এ অবস্থায় দেশের একটি বড় অংশের শিক্ষার্থীদের বাদ দিয়ে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা নেওয়ার এ সিদ্ধান্ত কোনোভাবে যুক্তিসংগত নয়। এটি অন্য শিক্ষার্থীদের হতাশ করা ও তাদের সঙ্গে প্রতারণা ছাড়া অন্য কিছু নয়।’
পতাকানিউজ/এমওয়াই

