বৃষ্টি ছাড়া বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার, ২ এপ্রিল বিকেলে পাবনার সাঁথিয়ায় উপজেলায় পৃথক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে আকরাম হোসেন (৪৪), সোনাতলা বাজারপাড়া এলাকার কুনু মোল্লার ছেলে আবু সাইদ (৫০) ও ধুলাউড়ি বারোয়ানি গ্রামের গনি মোল্লার ছেলে আব্দুল কুদ্দুস (৫৫)।
করমজা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ফারুক হোসেন জানান, আকরাম হোসেন বিকেলে তার বাড়ির পাশে পুন্ডুরিয়া শ্মশান ঘাট এলাকায় গরুর ঘাস কাটতে যান। এসময় হঠাৎ তার ওপর বজ্রপাত হয়। দূর থেকে স্থানীয়রা তাকে পড়ে যেতে দেখতে পেয়ে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে নাগডেমড়া ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন বলেন, ‘বিকেলে মাঠে পেঁয়াজ তুলতে গিয়ে হঠাৎ বজ্রপাত হলে আবু সাইদ ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
এছাড়া কৃষক আব্দুল কুদ্দুস মাঠ থেকে পেঁয়াজ নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হয়েছেন।
তাদের তিজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ বজ্রপাতে তিনজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পতাকানিউজ/এমএসআর/আরবি

