বৃহত্তর ঐক্যের প্রয়োজনে জামায়াতে ইসলামী এবং তাদের আট দলীয় জোটের সঙ্গে নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রবিবার, ২৮ ডিসেম্বর রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
নাহিদ বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন, প্রতিযোগিতামূলক করার জন্য এবং যাতে আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে এজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকে আমরা জামায়াতে ইসলামী এবং তাদের আট দলীয় জোটের সঙ্গে কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সেই সমঝোতায় সম্মত হয়েছে।’
তিনি বলেন, ‘এই নির্বাচনী সমঝোতা একদিকে যেমন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, অন্যদিকে এনসিপি প্রথম দিকে যেই সংস্কার, বিচার বিষয়ে কাজ করতে চাচ্ছিলাম সেই সংস্কার, বিচার ও আধিপত্যবাদ ও দুর্নীতি বিরোধী বিষয়ে আমাদের কর্মসূচি থাকবে। আমাদের রাজনৈতিক জায়গায় আমরা মনে করছি এই মুহূর্তে বাংলাদেশের এই সংকটগুলো রয়েছে। যেখান থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে, জুলাই প্রজন্মকে রক্ষা করতে হবে এবং গণঅভ্যুত্থান পরবর্তী আমাদের যে আকাঙ্ক্ষা সেটা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় এজন্য আমারা একটা বৃহত্তর ঐক্যের জায়গায় পৌঁছেছি। আজকে আনুষ্ঠানিকভাবে আমরা এ ঘোষণাটাই দিচ্ছি। ঘোষণাটি অলরেডি সমমনা ৮ দলের প্রেস ব্রিফিং থেকে আমরা জানতে পেরেছেন।
আমরা আগামীকাল আমাদের প্রার্থীরা বিষয়টি চূড়ান্তভাবে ঘোষণা করব। সমঝোতায় আমাদের যে প্রার্থী তারাই নমিনেশন ফরম জমা দিবেন এবং সারা বাংলাদেশে একত্রে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। জাতীয় নাগরিক পার্টি ও তাদের সহযোগী সংগঠন গণভোটের ভোটে ক্যাম্পেইন করবে এবং যেখানে আমাদের প্রার্থী থাকবে না সেখানে অন্য সমমনা দলের প্রাথীদের সহায়তা করবে।
তিনি আরও বলেন, ‘এনসপির পক্ষ থেকে আমরা প্রথম থেকেই বলে এসেছি আসন্ন নির্বাচনে আমরা এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং ৩০০ আসনেই প্রার্থী দিতে চাই। সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি ও পরিকল্পনা চলছিল। আমরা সারাদেশ থেকে মনোনয়ন আহ্বান করেছিলাম যারা প্রার্থী হতে চাই। পরবর্তীতে আরও দুটি দলের সঙ্গে আমাদের একটি রাজনৈতিক সমঝোতা হয়েছিল সংস্কার প্রশ্নে। তখন আমরা বলেছিলাম যে, তিনটি দল মিলে একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব। কিন্তু এরপরে শরীফ ওসমান হাদীর যে শাহাদাত বরণ এবং তাকে প্রকাশ্যে গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন হয়েছে।
এ হত্যাকাণ্ড, এ শাহাদাতবরণের মধ্য দিয়ে আমর বুঝতে পারছি যে, বাংলাদেশে আধিপত্যবাদী, আগ্রাসনী শক্তি তারা এখনও কার্যকর রয়েছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যাদের পরাজিত করেছিলাম তারা এখনও চক্রান্ত করছে নির্বাচন বানচাল করার জন্য, তারা চক্রান্ত করছে এই যে সংস্কার এবং নতুন বাংলাদেশের অগ্রযাত্রা সেটাকে ব্যাহত করার জন্য এবং তারা চক্রান্ত করছে জুলাই প্রজন্মকে নিঃশেষ করে দেয়ার জন্য। সেদিন ওসমান হাদির গায়ে গুলি লেগেছে, কালকে আপনার গায়ে লাগবে, পরশুদিন আমার গায়ে লাগবে। কারণ প্রথম এবং প্রধান টার্গেট করা হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সারাদেশের তরুণরা, নাগরিকরা, শহীদ পরিবার, যারা আহত যোদ্ধা রয়েছে।
এদিকে এর আগে আজ বিকেলে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আট দলীয় জোটের সঙ্গে এনসিপি ও এলডিপি যোগ দেয়ার কথা জানান।
পতাকানিউজ/আরবি

