আবারও একদিনে ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রী সরকারি সফরে বগুড়া যাচ্ছেন। এর আগে একবার সরকারি সফরে ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়া সফর করেছিলেন।
বৃহস্পতিবার, ৭ মে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা), প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সচিব ফাহমিদা আখতার আকাশ পথে বগুড়া আসবেন।
এদিন তারা বগুড়ায় বিমানবন্দর দ্রুত চালুর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সম্ভাব্য করণীয় নির্ধারণের জন্য সরেজমিনে পরিদর্শন করবেন। একইসঙ্গে বগুড়ায় পাইলট তৈরির জন্য ফ্লাইং একাডেমি স্থাপনেরও পরিকল্পনা রয়েছে।
এদিকে একইদিন সকাল ৯টায় বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে ২০২৭ শিক্ষা বর্ষে মাধ্যমিক স্তরের ৬ষ্ঠ-১০ম শ্রেণির পাঠ্যপুস্তক সমূহ পর্যালোচনা ও পরিমার্জন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক।
বগুড়ার জেলা প্রশাসকের দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, বগুড়ার বিমানবন্দর চালুর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আগামীকাল বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মিজ আফরোজা খানম (রিতা), প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সচিব ফাহমিদা আখতার মহোদয় বগুড়ায় আসবন। তারা ওই দিন বিমানবন্দর সরেজমিনে পরিদর্শন করবেন। এছাড়াও শিক্ষামন্ত্রী পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে পাঠ্যপুস্তক পর্যালোচনা ও পরিমার্জন বিষয়ক কর্মশালায় অংশ নিতে বগুড়ার আসছেন।
এর আগে চলতি বছরের ১৩ ও ১৪ এপ্রিল দুই দিনের ব্যবধানে বগুড়া সফরে এসেছিলেন সরকারের চার গুরুত্বপূর্ণ মন্ত্রী-প্রতিমন্ত্রী। তারা হলেন-শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
পতাকানিউজ/পিএম/আরবি

