অস্ট্রেলিয়ার শহরজুড়ে এখন চলছে বাংলা গানের উৎসব। কিংবদন্তি শিল্পী কুমার বিশ্বজিৎ দীর্ঘ বিরতির পর আবারো মঞ্চে ফিরেছেন। মেলবোর্ন থেকে শুরু করে সিডনি, ব্রিসবেন—যেখানেই কনসার্ট হচ্ছে, সেখানেই জমছে প্রবাসীদের মিলনমেলা।
‘Legends Unleashed Australia Tour 2025’ শিরোনামে অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে গান পরিবেশন করছেন কুমার বিশ্বজিৎ।
২৩ আগস্ট মেলবোর্নে প্রথম কনসার্ট দিয়েই দর্শকদের হৃদয় জয় করেন তিনি। এরপর ২৪ ও ৩০ আগস্ট ব্রিসবেন ও সিডনিতে আরো দুটি শোতে ভরে ওঠে অডিটোরিয়াম। আজ ও আগামীকাল এডিলেড ও পার্থে বাকি দুই কনসার্টের অপেক্ষায় এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
দীর্ঘ বিরতিতেও কমেনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ শিল্পীর গানের কদর। মঞ্চে পা রাখতেই দর্শকের হাততালি আর উল্লাসে মুখর হয়ে ওঠে চারপাশ। ভক্তরা একসঙ্গে কণ্ঠ মিলিয়েছেন ‘তুমি রোজ বিকেলে’, ‘তোরে পুতুলের মতো করে’, ‘দরদিয়া’ ও ‘বসন্ত ছুঁয়েছে আমাকে’ সহ তার জনপ্রিয় সব গানের সঙ্গে। আর এবারের সবচেয়ে বড় চমক ছিল শিল্পীর সদ্য প্রকাশিত নতুন গান ‘মেঘলা দিনে’। গানটি লিখেছেন নিধান আহমেদ, সুর ও সংগীত করেছেন আহমেদ হুমায়ূন।

২০২৩ সালে কানাডায় ছেলে নিবিড়ের সড়ক দুর্ঘটনার পর দীর্ঘ সময় সংগীত থেকে দূরে ছিলেন কুমার বিশ্বজিৎ। চিকিৎসার জন্য পরিবার নিয়ে কানাডায় থাকাকালীন ভক্তদের প্রার্থনা আর ভালোবাসা তাকে আবারো শক্তি দিয়েছে।
কনসার্টে ফেরার বিষয়ে আবেগমাখা কণ্ঠে তিনি বলেন, ‘আমার ছেলের জন্য পৃথিবীর নানা প্রান্তের মানুষ যে দোয়া করেছেন, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। ভক্তদের সেই ভালোবাসার প্রতিদান দিতেই আবার গাইছি।’
কুমার বিশ্বজিৎ শুধু একজন গায়ক নন, বরং প্রজন্মের পর প্রজন্মের আবেগ। তার গানে মেলে প্রেম, বেদনা, আশা আর অনন্ত ভালোবাসার রঙ।
অস্ট্রেলিয়ার প্রতিটি শহরে তার কনসার্ট ঘিরে এখন প্রবাসীদের মধ্যে উৎসবের আমেজ। অনেকে পরিবার নিয়ে এসেছেন, কেউবা দীর্ঘ দূরত্ব পাড়ি দিয়ে কেবল প্রিয় শিল্পীর গান শোনার জন্য হাজির হয়েছেন।
একজন দর্শক বললেন, ‘বছরের পর বছর বিদেশের মাটিতে থেকেও কুমার বিশ্বজিতের গান শুনলে মনে হয়, যেন বাংলাদেশে ফিরে গেছি।’

উল্লেখ্য, তিন বছর আগে বইমেলায় প্রকাশিত হয় শিল্পীর আত্মজীবনী ‘এবং বিশ্বজিৎ’। যেখানে উঠে এসেছে তার জীবনের নানা অজানা অধ্যায়। সে সময় বিশ্বজিৎ বলেন, ‘এই বইটি প্রকাশ হওয়ার পর আমার মনে প্রায়ই চিন্তা ঘুরপাক খাচ্ছিল- জীবনে আমি এমন কী করেছি যার জন্য আত্মজীবনীর মতো মহৎ কিছুর প্রয়োজন হলো? সংগীতে আমার আসলে কতটা অবদান আছে? আমার মনে হয় সংগীতে আমার অবদান খুব কম। তবুও আমার জীবনের অনেক ঘটনা লিপিবদ্ধ আছে এই বইতে, যা আমি আমার দীর্ঘ যাত্রায় রেখে এসেছি।’
অস্ট্রেলিয়ায় কনসার্ট শেষে কুমার বিশ্বজিৎ কানাডায় পরিবারের কাছে ফিরে যাবেন। আগামী নভেম্বরে তার ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে। এরপরই ইউরোপ ট্যুরের প্রস্তুতি শুরু করবেন বলে জানিয়েছেন এ শিল্পী।
পতাকানিউজ/ওয়াইএস

