বগুড়ার আদমদীঘিতে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া ট্রাকের ধাক্কায় হাবিবা খাতুন নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার, ২৯ মার্চ সকাল ১১টায় উপজেলার চাঁপাপুর-চৌমুহনী সড়কের আড়াইল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম হাবিবা খাতুন। সে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ভেনলা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে আড়াইল এলাকায় সড়ক পার হচ্ছিল শিশু হাবিবা। এসময় একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এস আই) ফেরদৌস আলী বলেন, ‘সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় শিশুটি প্রাণ হারায়। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
এসআই আরও বলেন, ‘আইনগত প্রক্রিয়া শেষে শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে।’
পতাকানিউজ/পিএম/আরবি

