বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ভর্তি হওয়ার পর হঠাৎ করে টিউশন ও অন্যান্য ফি বাড়ানোর প্রথা বন্ধ হতে যাচ্ছে। সংশোধিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০২৫-এর খসড়ায় প্রস্তাব করা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোকে অবশ্যই টিউশন ফি কমিশন অনুমোদন নেওয়ার পরই নির্ধারণ করতে হবে এবং অন্য কোনো নামে শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় করা যাবে না।
বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলো স্বাধীনভাবে ফি নির্ধারণ করে কেবল ইউজিসিকে (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) জানায়। শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, ভর্তি হওয়ার পর হঠাৎ ফি বাড়িয়ে দেওয়া হয় এবং অনেক সময় লিখিত নোটিশও দেয়া হয় না। ইউজিসি সূত্র জানিয়েছে, নতুন আইন কার্যকর হলে এই সমস্যা দূর হবে।
খসড়ায় উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের জন্য সাত সদস্যের সার্চ কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। কমিটি উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করে প্রতিটি পদের জন্য তিনজন প্রার্থীর নাম সুপারিশ করবে।
নতুন খসড়ায় আইন লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অনুর্ধ্ব ৫ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫০ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড ধার্য করা হয়েছে। পাশাপাশি জাল সনদ বা অননুমোদিত ক্যাম্পাস পরিচালনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কমপক্ষে দুই বছর বন্ধ রাখার বিধান রয়েছে।
নতুন বিধান ও নিয়মাবলী
- বিশ্ববিদ্যালয়ের জন্য ৫০ হাজার বর্গফুট নিজস্ব বা ভাড়া ভবনের বাধ্যবাধকতা এবং ৫ একর জমি থাকা বাধ্যতামূলক।
- মহাসড়ক ও বাইপাসের পাশে বিশ্ববিদ্যালয় স্থাপন করা যাবে না।
- বার্ষিক বাজেটের ন্যূনতম ২ শতাংশ গবেষণায় বরাদ্দ দিতে হবে।
- শিক্ষার্থীদের ৯ শতাংশ আসনে দরিদ্র, প্রত্যন্ত অঞ্চল ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পড়াশোনার সুযোগ রাখা হবে।
- বিশ্ববিদ্যালয়ের নাম ও প্রোগ্রামের সংখ্যা, আসন, ক্রেডিট ট্রান্সফার ইত্যাদি ইউজিসির অনুমোদনে নির্ধারণ করতে হবে।
ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, খসড়া শিগগির চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি নিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগ নতুন আইন কার্যকর হলে লাঘব হবে বলে আশা করা যায়।’
বর্তমানে দেশে অনুমোদিত ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এগুলোর মধ্যে ১০৫টিতে পাঠদান চলছে। শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৪১৪।
পতাকানিউজ/এনটি

