বগুড়ায় পহেলা বৈশাখ বরণ উৎসবকে ঘিরে বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। এতে ক্রেতাদের আনাগোনা একেবারেই কম। এ কারণে অনেকেই ভুলতে বসেছে ইলিশের সেই চিরচেনা স্বাদ।
বিগত বছরগুলোতে বগুড়ায় ইলিশের রমরমা বেচাকেনা হলেও বেশি দামের কারণে এবার ইলিশের পাইকারি আড়ত ও খুচরা দোকানে তুলনামূলক বিক্রি কম।
সোমবার, ১৩ এপ্রিল চাষি বাজার ও ফতেহ আলী বাজার ঘুরে এমন তথ্য ও চিত্র পাওয়া গেছে।
ফতেহ আলী বাজারে সর্বনিম্ন প্রতি কেজি ইলিশ আকারভেদে আটশ টাকা থেকে সর্বোচ্চ ২ হাজার ৪শ টাকায় বিক্রি হচ্ছে । শহরের এ বাজারে এক কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ২২শ’টাকা, দেড় কেজি ওজনের ইলিশ ২৬শ’টাকা এবং ছোট আকারের (৪টি) এক কেজি ৮শ’ টাকায় বেচাকেনা করতে দেখা যাচ্ছে।
জানতে চাইলে মাছ বিক্রেতা চিত্ত রঞ্জন সরকার জানান, দাম বেশি হওয়ার কারণে বাজারে ক্রেতা কম। হাতে গোনা কয়েকজন এসে ইলিশ মাছ কিনছেন। আগেকার মতো বেচাবিক্রি নেই।
ফতেহ আলী বাজারে মাছ কিনতে আসা শিক্ষক বেনী মাধব সরকার বলেন, ‘এখন আর নববর্ষে পান্তা ইলিশ খেতে পারি না। মাছের এত দাম যা কেনার সামর্থ্য নেই। নিম্ন আয়ের মানুষ ইলিশের স্বাদ ভুলতে বসেছে। সরকারের এদিকে নজর দেয়া উচিত।’
পতাকানিউজ/পিএম/আরবি

