রাজধানীর গুলশান থানার একটি হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদসহ চারজনের পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ। রবিবার, ১ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আরমান আলী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন।
এদিকে আসামিদের উপস্থিতিতে আগামীকাল সোমবার রিমান্ড আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন আদালত।
অন্য আসামিরা হলেন- প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. রিয়াদুল হাওলাদার, মো. আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদার।
রিমান্ড আবেদন বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার বিষয়ে সত্যতা স্বীকার করেন এবং প্রাথমিক তদন্তেও মামলার ঘটনার বিষয়ে সত্যতা পাওয়া যায়। আসামিদের নাম ঠিকানা যাচাই করা হয়নি। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনসহ অজ্ঞাতনামা আসামিদের পূর্ণ নাম-ঠিকানা ও আসামিদের অবস্থানের বিষয়ে তথ্য সংগ্রহ করার জন্য নিবিড়ভাবে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং অভিযান পরিচালনার জন্য তাদের পাঁচ দিনের পুলিশ রিমান্ডের একান্ত প্রয়োজন।
এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। গত শুক্রবার আদালতে হাজির করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্জন সরদার বাঁধন বাদী হয়ে রিয়াদসহ ১১ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা করেন গত বৃহস্পতিবার। এতে অজ্ঞাতনামা ১০/২২ জনকে আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, আসামিদের সাথে বাদী নির্জন ও তার বন্ধুদের পূর্ব শত্রুতা ছিল। গত বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩ টায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির চতুর্থ তলায় ৪১২ নম্বর রুমে সাক্ষাৎ হলে আসামিরা তাকে তাদের স্থায়ী ক্যাম্পাস এবং কনভোকেশন অংশগ্রহণের জন্য বলেন। এ বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আনিসুর রহমানের সঙ্গে পরামর্শ করার সময়ে আসমি রাজ্জাকের হুকুমে আসামি রিয়াদুল ও সায়েম চেয়ার দিয়ে তাকে আঘাত করেন।
এতে তিনি পিঠে ও বুকে আঘাত পান। আসামি রিয়াদ সুইচ গিয়ার (চাকু) দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মুখমণ্ডলে আঘাত করেন। এতে তার নাকে লেগে নাকের উপরিভাগ কেটে গুরুতর রক্তাক্ত জখম হয়। এসময় তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করেন। তখন তার বন্ধুবান্ধব ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটি শিক্ষকরা এগিয়ে এলে আসামিরা তাকে বিভিন্ন রকমের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।
পরে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে নিয়ে যায়।
প্রসঙ্গত, গত বছর গুলশানে সাবেক এক সংসদ সদস্যের ভাষায় ৫০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার হয়ে আলোচনায় আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রিয়াদ। তিনি গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে মুক্ত হন।
পতাকানিউজ/এএ/আরবি

