ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সোমবার তাঁর দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী।
নিজামউদ্দিন চৌধুরী জানান, পারিবারিক কারণে তিনি সাময়িকভাবে দেশের বাইরে গেছেন এবং পরিবারের সঙ্গে সময় কাটিয়ে কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফেরার কথা রয়েছে। দেশ ছাড়ার আগে বিসিবি পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রমজানের শুভেচ্ছা জানিয়ে সভাপতি লিখেছেন, জরুরি পারিবারিক প্রয়োজনে তিনি বিদেশ যাচ্ছেন এবং দ্রুতই ফিরে আসবেন।
বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়ের পর থেকেই বিসিবির ভেতরে অস্থিরতা নিয়ে আলোচনা চলছে। বোর্ড পরিচালকদের মধ্যে অভ্যন্তরীণ মতবিরোধ এবং সংবাদমাধ্যমের সঙ্গে সম্পর্ক নিয়ে টানাপোড়েন—এসব বিষয় সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটাঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
এদিকে বিসিবির প্রধান প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদীন নান্নু আজ বিসিবি প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর ক্রিকেট প্রশাসনের চলমান অচলাবস্থা কাটবে। তিনি বলেন, নতুন সরকারের শপথের পর পরিস্থিতি স্বাভাবিক ধারায় ফিরবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নান্নু আরও জানান, ক্লাবগুলোর সঙ্গে বিসিবির যে দূরত্ব তৈরি হয়েছে, তা দ্রুত সমাধান করা জরুরি। বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান বোর্ডের অধীনে বেশ কিছু ক্লাব ঘরোয়া লিগে অংশ নিতে অনীহা দেখিয়েছে। ‘বিসিবি বনাম ক্লাব’ দ্বন্দ্ব প্রসঙ্গে তিনি বলেন, ক্রিকেটের স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে কোনো আপস করা যাবে না।
-পতাকানিউজ

