মারধর, হত্যাচেষ্টা, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় চিত্রনায়িকা পরীমণির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, বুধবার মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে পরীমণি আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে আইনজীবী সময় চেয়ে আবেদন করেন।
অন্যদিকে, বাদীপক্ষ তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে। আদালত পরীমণির আইনজীবীর সময়ের আবেদন নামঞ্জুর করে জামিন বাতিল এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার পরবর্তী তারিখ পরে ধার্য করা হবে।
এর আগে গত বছরের ২৬ জানুয়ারি পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত।
মামলার তদন্তে ২০২৪ সালের ১৮ মার্চ পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে পরীমণি ও জিমের বিরুদ্ধে বাদীকে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়। তবে অপর আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়। পরে আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরীমণি ও জিমের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন।

২০২২ সালের ৬ জুলাই বোট ক্লাবের পরিচালক ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় পরীমণি ছাড়াও তার দুই সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমকে আসামি করা হয়।
মামলার এজাহারে নাসির উদ্দিন অভিযোগ করেন, ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর পরীমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে যান। সেখানে তারা অ্যালকোহল পান করেন। রাত ১টা ১৫ মিনিটের দিকে নাসির উদ্দিন ক্লাব ত্যাগ করার সময় পরীমণি তাকে ডেকে বসতে বলেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনা মূল্যে দেওয়ার জন্য চাপ দেন বলে অভিযোগ করা হয়।
এজাহারে আরও বলা হয়, এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পরীমণি নাসির উদ্দিনের দিকে একটি সার্ভিং গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারেন। এতে তার মাথা ও বুকে আঘাত লাগে বলে অভিযোগ করেন বাদী। একই সঙ্গে তাকে মারধর, হত্যার হুমকি ও ক্লাবে ভাঙচুরের অভিযোগও করা হয়।
নাসির উদ্দিনের দাবি, ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে পরীমণি তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় মামলা করেন।
উল্লেখ্য, একই ঘটনার পর পরীমণিও বাদী হয়ে নাসির উদ্দিনসহ অন্যদের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেছিলেন। ওই মামলায় শ্লীলতাহানির অভিযোগে অভিযোগপত্র দেওয়া হয়েছে। বর্তমানে মামলাটি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।
পতাকানিউজ/এএ

