চট্টগ্রামের মিরসরাইয়ে ব্যাংক থেকে দেড় লাখ টাকা উত্তোলন করে বের হতেই ছিনতাইয়ের শিকার হয়েছেন এক বৃদ্ধ। নিজের কষ্টার্জিত টাকা হারানোর শোকে বার বার কান্নায় ভেঙ্গে পড়ছেন ষাটোর্ধ বৃদ্ধ মনসুর আহাম্মদ।
রবিবার, ১১ জানুয়ারি সকালে মিরসরাই পৌর সদরের ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে৷ ছিনতাইয়ের শিকার বৃদ্ধ মনসুর আহাম্মদ (৬০) উপজেলার ইছাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড লুদ্দাখালী গ্রামের সফল আলী মালে বাড়ির বাসিন্দা৷
ভুক্তভোগী মনসুর আহাম্মদ জানান, ব্যাংক থেকে দেড় লাখ টাকা উত্তোলন করে কোর্টের ভেতরের দুপাশের পকেটে ৫০ হাজার করে ১ লাখ টাকা নিয়ে বের হই। ব্যাংকের মূল ফটকে পৌঁছা মাত্রই দুজন মাস্ক পরিহিত যুবক হঠাৎ আমার পকেটে হাত দিয়ে টাকা টান দিয়ে নিয়ে ফেলে এবং ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়৷
মনসুর আহাম্মদের বড় ছেলে তায়েফ জানান, কদিন আগেই আমার বিয়ে সম্পন্ন হয়। বাবা প্রবাসী ছিলেন। নিজের জমানো টাকা পারিবারিক কাজে উত্তোলন করতে এসে ছিনতাই শিকার হয়ে বার বার কান্নায় ভেঙ্গে পড়ছেন৷ আমরা থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছি৷
এ বিষয়ে ইসলামি ব্যাংক পিএলসি মিরসরাই পৌর সদর শাখা কর্মকর্তারা কথা বলতে অপারগতা প্রকাশ করেন৷
মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন জানান, ছিনতাইয়ের বিষয়ে জেনেছি। থানায় অভিযোগ দিতে পরামর্শ দিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেব।
পতাকানিউজ/এসইউএস/আরবি

